‘মানুষ কী চায় বুঝতে পারেনি জামায়াত, ৮৫ বছরে প্রথম বিরোধীদল’: শেখ রবিউল আলম
বাংলাদেশ জামায়াতে ইসলামীকে নিয়ে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। মঙ্গলবার (৬ অক্টোবর) ধানমন্ডির ৩/এ এলাকায় একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। শেখ রবিউল আলমের দাবি, নাগরিকের অধিকার, রক্ষার বিষয় এবং মানুষের দাবির পার্থক্য বুঝতে না পারার কারণেই জামায়াতে ইসলামী জন্মের পর প্রথমবার বিরোধীদলে যাওয়ার সুযোগ পেয়েছে। তিনি বলেন, সরকার তো পরের বিষয়; জামায়াতের প্রথমবার বিরোধীদল হওয়ার সুযোগ হয়েছে ৮৫ বছর বয়সে। মন্ত্রীর ভাষ্য অনুযায়ী, দলটি বিভিন্ন সময়ে মানুষের চাহিদা ও রাজনৈতিক বাস্তবতা বুঝতে পারেনি। তিনি বলেন, স্বাধীনতার সময়, স্বাধীনতার পর এবং এরশাদের সময়ও জামায়াত সঠিকভাবে বুঝতে পারেনি কাকে সমর্থন দিতে হবে। ওয়ান-ইলেভেন সরকারের পরও তারা বিষয়টি বুঝতে পারেনি বলে মন্তব্য করেন তিনি। তার মতে, ২০২৪ সালে এসে কিছুটা বুঝতে পারলেও পরে আবার রাজনৈতিক অবস্থান নিয়ে খেই হারিয়েছে দলটি। এদিকে একই অনুষ্ঠানে ঢাকায় অটোরিকশার প্রসার নিয়েও কথা বলেন সড়ক পরিবহনমন্ত্রী। তিনি জানান, ব্যাটারিচালিত রিকশার জন্য একটি নীতিমালা প্রণয়ন করা হচ্ছে। প্রস্তাবিত নীতিমালা অনুযায়ী রাজধানীর প্রধান সড়ক ও গুরুত্বপূর্ণ এলাকায় এসব যানবাহনের চলাচল অনুমোদিত হবে না। এতে দীর্ঘদিন ধরে এ পেশার সঙ্গে যুক্ত থাকা চালকদের কিছুটা সমস্যায় পড়তে হতে পারে বলেও স্বীকার করেন তিনি। তবে বৃহত্তর স্বার্থে ঢাকার সড়ক ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট সবাইকে একমত হওয়ার আহ্বান জানান মন্ত্রী। একই সঙ্গে কোনো গোষ্ঠীর স্বার্থে রাজধানীর পরিবহনব্যবস্থা অকার্যকর হতে দেওয়া হবে না বলেও তিনি মন্তব্য করেন।
0 Response to "‘মানুষ কী চায় বুঝতে পারেনি জামায়াত, ৮৫ বছরে প্রথম বিরোধীদল’: শেখ রবিউল আলম"
একটি মন্তব্য পোস্ট করুন