রিয়াদ বিমানবন্দরে হামলার নিন্দা শফিকুর রহমানের, আলোচনার মাধ্যমে শান্তি ফেরানোর আহ্বান

রিয়াদ বিমানবন্দরে হামলার নিন্দা শফিকুর রহমানের, আলোচনার মাধ্যমে শান্তি ফেরানোর আহ্বান


 সৌদি আরবের রিয়াদে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার নিন্দা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। হামলা-পাল্টা হামলার কারণে বিশ্ব ক্রমেই অস্থিতিশীল হয়ে উঠছে উল্লেখ করে তিনি সংশ্লিষ্ট সব পক্ষকে আলোচনার মাধ্যমে বিরোধ মিটিয়ে শান্তির পথে ফেরার আহ্বান জানিয়েছেন।

রোববার (১১ অক্টোবর) সকালে তুরস্কে সরকারি সফর শেষে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এসব মন্তব্য করেন তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ হামলার জন্য সৌদি আরব হুতিদের দায়ী করেছে। সৌদি আরব মুসলমানদের কাছে পবিত্র দুই মসজিদের দেশ হিসেবে বিশেষ মর্যাদার অধিকারী। দেশটিতে যে পক্ষই হামলা করুক, এমন কর্মকাণ্ড সমর্থনযোগ্য নয় বলে মন্তব্য করেন তিনি।

জামায়াত আমির বলেন, এ ধরনের হামলার নিন্দা জানাই। যুদ্ধ কোনো সমস্যার সমাধান নয়। বিরোধ যতই থাকুক, তা আলাপ-আলোচনার মাধ্যমে সমাধান করা উচিত।

হামলায় ১২ জন নিহত হওয়ার খবরের কথা উল্লেখ করে তিনি বলেন, রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম পুরোপুরি বন্ধ ঘোষণা করা হয়েছে বলে তিনি জানতে পেরেছেন। এ কারণে বাংলাদেশ থেকেও দুটি ফ্লাইট স্থগিত করা হয়েছে বলে জানান তিনি। বিমানবন্দরটি আন্তর্জাতিক যোগাযোগের গুরুত্বপূর্ণ কেন্দ্র হওয়ায় এর কার্যক্রম বন্ধ থাকলে বিপুলসংখ্যক ফ্লাইট ও যাত্রী ক্ষতিগ্রস্ত হতে পারেন বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।

বিশ্বজুড়ে সংঘাত ও অস্থিরতার প্রসঙ্গ তুলে ডা. শফিকুর রহমান বলেন, বিভিন্ন স্থানে মানুষের প্রাণহানি ঘটছে এবং পরিস্থিতি ক্রমেই উদ্বেগজনক হয়ে উঠছে। তিনি হামলা-পাল্টা হামলায় জড়িত সব পক্ষকে শান্তির পথে ফিরে আসার আহ্বান জানান। একই সঙ্গে সংকট নিরসনে আন্তর্জাতিক সম্প্রদায়কে ইতিবাচক ও কার্যকর ভূমিকা রাখার অনুরোধ করেন।

তুরস্ক সফরে দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে আলোচনা

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তুরস্ক সফর নিয়েও কথা বলেন জামায়াতে ইসলামীর আমির। তিনি বলেন, তুরস্কের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক দীর্ঘদিনের। সফরে একটি আন্তর্জাতিক সম্মেলনে অংশ নেওয়ার পাশাপাশি সরকারি ও বেসরকারি পর্যায়ে একাধিক বৈঠক হয়েছে।

তুরস্কের পার্লামেন্টের স্পিকারসহ দেশটির বিভিন্ন পর্যায়ের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে বৈঠকের কথা উল্লেখ করে তিনি বলেন, আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থান তুলে ধরা ছিল সফরের অন্যতম উদ্দেশ্য।

ডা. শফিকুর রহমান জানান, বাংলাদেশ ও তুরস্কের মধ্যে শিক্ষা বিনিময়, দক্ষতা উন্নয়ন, বিনিয়োগ এবং প্রতিরক্ষা শিল্পের সম্প্রসারণসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার সুযোগ নিয়ে আলোচনা হয়েছে। এ ছাড়া মক্কা প্যাক্ট নিয়েও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে আলোচনা হয়েছে বলে জানান তিনি।

রিয়াদ বিমানবন্দরে হামলার প্রসঙ্গে তিনি আবারও সংঘাত বন্ধ করে আলোচনার মাধ্যমে সংকট সমাধানের ওপর গুরুত্ব দেন। তাঁর মতে, বিশ্বে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় সংশ্লিষ্ট পক্ষগুলোর সদিচ্ছার পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর উদ্যোগও প্রয়োজন।

0 Response to "রিয়াদ বিমানবন্দরে হামলার নিন্দা শফিকুর রহমানের, আলোচনার মাধ্যমে শান্তি ফেরানোর আহ্বান"

একটি মন্তব্য পোস্ট করুন