শফিকুর রহমানের সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের বৈঠক

শফিকুর রহমানের সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের বৈঠক


 বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে আলোচনা করেছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি এবং বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার। সোমবার (১৯ অক্টোবর) সকালে রাজধানীর ২৯ মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে তাঁদের মধ্যে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে দুই দেশের পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণ, বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি এবং ভবিষ্যৎমুখী সম্পর্ক উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

বাণিজ্য ও দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে আলোচনা

বৈঠকে পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার বলেন, বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্ককে ভবিষ্যৎমুখী দৃষ্টিভঙ্গিতে আরও এগিয়ে নিতে তাঁর দেশ আগ্রহী। সাম্প্রতিক সময়ে দুই দেশের সম্পর্ক ইতিবাচক ধারায় এগোচ্ছে উল্লেখ করে তিনি দ্বিপক্ষীয় বাণিজ্য বৃদ্ধি এবং বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সফরের বিষয় তুলে ধরেন।

বৈঠকে দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগের পরিধি বাড়ানোর পাশাপাশি পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার নতুন সুযোগ তৈরির গুরুত্ব নিয়েও আলোচনা হয়।

শিক্ষা ও গবেষণায় সহযোগিতার প্রসঙ্গ

সাক্ষাৎকালে পাকিস্তানের হাইকমিশনার বিরোধীদলীয় নেতাকে ‘নোলেজ করিডোর’ প্রকল্পের চলমান কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। এ ছাড়া বাংলাদেশের শিক্ষাবিদদের একটি প্রতিনিধিদলের সাম্প্রতিক পাকিস্তান সফরের বিষয়টি আলোচনায় আসে। ওই সফরে প্রতিনিধিদলটি পাকিস্তানের শিক্ষা কাঠামো ও শিক্ষাব্যবস্থা সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করেছে এবং এ বিষয়ে সন্তোষ প্রকাশ করেছে বলে বৈঠকে জানানো হয়।

শিক্ষা ও গবেষণায় সহযোগিতা বাড়ানো, অভিজ্ঞতা বিনিময় এবং দুই দেশের মধ্যে একাডেমিক যোগাযোগ সম্প্রসারণের বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।

সাংস্কৃতিক বিনিময় ও যোগাযোগ বাড়ানোর প্রত্যাশা

বৈঠকে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সাংস্কৃতিক বিনিময় বাড়ানো এবং পারস্পরিক যোগাযোগ অব্যাহত রাখার বিষয়ে আলোচনা হয়। ইতিবাচক উদ্যোগের মাধ্যমে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার প্রত্যাশাও ব্যক্ত করা হয়।

সাক্ষাৎকালে পাকিস্তান হাইকমিশনের ডেপুটি হাইকমিশনার মুহাম্মাদ ওয়াসিফ, পলিটিক্যাল কাউন্সিলর কামরান দাংগাল এবং বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর উপস্থিত ছিলেন

0 Response to "শফিকুর রহমানের সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের বৈঠক"

একটি মন্তব্য পোস্ট করুন