রিয়াদ বিমানবন্দরে হামলা: বাংলাদেশিদের নিরাপত্তা ও চিকিৎসায় গুরুত্ব দেওয়ার আহ্বান ধর্মমন্ত্রীর

রিয়াদ বিমানবন্দরে হামলা: বাংলাদেশিদের নিরাপত্তা ও চিকিৎসায় গুরুত্ব দেওয়ার আহ্বান ধর্মমন্ত্রীর


 সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় প্রাণহানি ও হতাহতের ঘটনায় গভীর শোক, উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়েকোবাদ)। একই সঙ্গে আহত বাংলাদেশি নাগরিক ও ওমরাহযাত্রীদের চিকিৎসা, নিরাপত্তা এবং প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।

রোববার (১১ অক্টোবর) ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, হামলায় ক্ষতিগ্রস্ত ওমরাহ কাফেলার জিম্মাদার মোহাম্মদ আলী কাশেমীর সঙ্গে কথা বলেছেন ধর্মমন্ত্রী। এ সময় তিনি আহতদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তাঁদের চিকিৎসা ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার ওপর জোর দেন।

ধর্মমন্ত্রী বলেন, সৌদি আরব মুসলিম উম্মাহর কাছে অত্যন্ত পবিত্র ও আবেগের স্থান। দেশটিতে অবস্থিত পবিত্র কাবা শরিফ এবং মদিনা মুনাওয়ারায় মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর রওজা মোবারক মুসলমানদের কাছে বিশেষ মর্যাদাপূর্ণ। তাই সৌদি আরবের নিরাপত্তা ও স্থিতিশীলতা সমগ্র মুসলিম বিশ্বের জন্য গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, সৌদি আরবের ওপর যেকোনো ধরনের হামলা মুসলিম বিশ্ব মেনে নেবে না। এ ধরনের সহিংসতার বিরুদ্ধে মুসলিম বিশ্বের দেশগুলোকে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ জানাতে হবে এবং সুস্পষ্ট অবস্থান নিতে হবে।

ধর্মমন্ত্রী বলেন, বাংলাদেশও এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। পবিত্র ভূমিতে আসা ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিরীহ মানুষ ও ধর্মীয় সফরে থাকা যাত্রীদের জীবন বিপন্ন করে এমন সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

বাংলাদেশি ও ওমরাহযাত্রীদের নিরাপত্তায় সরকারের উদ্যোগ

বিজ্ঞপ্তিতে ধর্মমন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনায় ধর্মবিষয়ক মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরগুলোকে পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি নাগরিক ও ওমরাহযাত্রীদের নিরাপত্তা, চিকিৎসা, আবাসন এবং পবিত্র মক্কা ও মদিনায় নির্বিঘ্নে যাতায়াত নিশ্চিত করার বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে দেখছে বলে জানান তিনি।

কোনো বাংলাদেশি নাগরিক যাতে অনাকাঙ্ক্ষিত ভোগান্তির শিকার না হন এবং ওমরাহ পালন শেষে নিরাপদে দেশে ফিরতে পারেন, সে লক্ষ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ ও সমন্বয় অব্যাহত রয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

ধর্মমন্ত্রী বলেন, আল্লাহর মেহমানদের ওপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি নিহত ব্যক্তিদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং শোকসন্তপ্ত পরিবারগুলোর পাশে থাকার আশ্বাস দেন। আহতদের চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে সরকার সর্বাত্মক সহযোগিতা করবে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, উদ্ভূত পরিস্থিতিতে সৌদি আরবের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। আহত বাংলাদেশিদের চিকিৎসা ও নিরাপত্তার পাশাপাশি দেশটিতে অবস্থানরত অন্য বাংলাদেশি নাগরিক ও ওমরাহযাত্রীদের পরিস্থিতিও নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

ওমরাহযাত্রীদের চিকিৎসা সহায়তা, নিরাপদ আবাসন ও নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য সৌদি আরব সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান ধর্মমন্ত্রী। একই সঙ্গে তিনি বলেন, বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ভিত্তিতে বাংলাদেশ সরকার সৌদি আরবের সরকার ও জনগণের পাশে থাকবে। দুই দেশের দীর্ঘদিনের ভ্রাতৃপ্রতিম সম্পর্ক, পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন

0 Response to "রিয়াদ বিমানবন্দরে হামলা: বাংলাদেশিদের নিরাপত্তা ও চিকিৎসায় গুরুত্ব দেওয়ার আহ্বান ধর্মমন্ত্রীর"

একটি মন্তব্য পোস্ট করুন