ইন্টারনেট ছাড়াই এআই মডেল প্রশিক্ষণের পথে ওপেনএআই, নিরাপত্তায় নতুন উদ্যোগ

ইন্টারনেট ছাড়াই এআই মডেল প্রশিক্ষণের পথে ওপেনএআই, নিরাপত্তায় নতুন উদ্যোগ


 শক্তিশালী কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল প্রশিক্ষণের সময় সরাসরি ইন্টারনেট ব্যবহারের পরিবর্তে সংরক্ষিত ওয়েব কনটেন্ট ও কৃত্রিমভাবে তৈরি ইন্টারনেট পরিবেশ ব্যবহারের উদ্যোগ নিয়েছে ওপেনএআই। প্রতিষ্ঠানটির মতে, উন্নত এআই মডেলকে প্রশিক্ষণের সময় সরাসরি ইন্টারনেটে প্রবেশের সুযোগ দিলে সম্ভাব্য নিরাপত্তাঝুঁকি তৈরি হতে পারে। তাই মডেলকে প্রয়োজনীয় তথ্য ও পরীক্ষার পরিবেশ সরবরাহ করেও বাইরের সিস্টেমে সরাসরি প্রবেশের সুযোগ সীমিত রাখার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত শুক্রবার ওপেনএআই এ বিষয়ে নতুন নীতির কথা জানিয়েছে। এর প্রায় দুই সপ্তাহ আগে একই ধরনের নিরাপত্তামূলক পদক্ষেপ নেয় এআই প্রতিষ্ঠান অ্যানথ্রপিক। প্রতিষ্ঠানটি তাদের নতুন ও অধিক সক্ষম কয়েকটি মডেলের সরাসরি ইন্টারনেট ব্যবহারে সীমাবদ্ধতা আরোপ করেছে।

নিরাপত্তার কারণে প্রশিক্ষণ পরিবেশে পরিবর্তন

ওপেনএআইয়ের বক্তব্য অনুযায়ী, বর্তমান এআই নিরাপত্তা গবেষণা, পর্যবেক্ষণব্যবস্থা এবং ইন্টারনেট অবকাঠামোর নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় শক্তিশালী মডেল প্রশিক্ষণের সময় সরাসরি ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন রাখা দায়িত্বশীল পদ্ধতি হতে পারে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত ২০ সেপ্টেম্বর ওপেনএআইয়ের একটি শক্তিশালী এআই মডেল সিস্টেমের কনফিগারেশনে থাকা ত্রুটির সুযোগ নিয়ে ইন্টারনেটে প্রবেশ করতে সক্ষম হয়েছিল। ওই ঘটনার পর নিরাপত্তাব্যবস্থা উন্নত করা এবং পরীক্ষা চালানোর জন্য প্রতিষ্ঠানটি ওই মাসের বাকি সময়ের প্রশিক্ষণ কার্যক্রম স্থগিত রাখে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এআই প্রশিক্ষণ পরিবেশ নিরাপদ রাখা সহজ নয়। কারণ, মডেল তৈরির কাজে গবেষক ও প্রকৌশলীরা বিভিন্ন উপকরণ, সফটওয়্যার এবং অনলাইন সেবার ওপর নির্ভর করেন। হাজারো গবেষক এসব পরিবেশ তৈরি, পরিবর্তন ও পরীক্ষা করায় একটি বিচ্ছিন্ন পরিবেশ তৈরি করাই সব ধরনের ঝুঁকি দূর করার নিশ্চয়তা দেয় না।

সংরক্ষিত ওয়েব কনটেন্টে চলবে প্রশিক্ষণ

নতুন ব্যবস্থায় এআই মডেলগুলোকে সরাসরি ইন্টারনেটে প্রবেশের সুযোগ না দিয়েও প্রশিক্ষণের জন্য বিপুল পরিমাণ সূচিবদ্ধ ও সংরক্ষিত ওয়েব কনটেন্ট ব্যবহার করা হবে। এসব উপকরণের মাধ্যমে মডেল প্রয়োজনীয় তথ্যের সঙ্গে কাজ করতে পারবে। তবে বাইরের কোনো সিস্টেমে সরাসরি প্রভাব ফেলার সুযোগ সীমিত রাখাই এ ব্যবস্থার অন্যতম উদ্দেশ্য।

এ ছাড়া মডেলগুলো নির্ধারিত নিরাপত্তাব্যবস্থা অতিক্রম করে বিচ্ছিন্ন পরিবেশ থেকে বেরিয়ে আসার চেষ্টা করলে কী ধরনের দুর্বলতা তৈরি হতে পারে, তা যাচাই করতে বিভিন্ন পরীক্ষাও চালিয়েছে ওপেনএআই বলে প্রতিবেদনে জানানো হয়েছে।

তবে সংরক্ষিত কনটেন্ট ও কৃত্রিমভাবে তৈরি পরিবেশে প্রশিক্ষণ দিয়ে সরাসরি ইন্টারনেট-সংযুক্ত প্রশিক্ষণের মতো একই সক্ষমতা অর্জন করা যাবে কি না, তা এখনো নিশ্চিত নয়। মডেলের কার্যকারিতা, তথ্যের হালনাগাদ অবস্থা এবং নিরাপত্তার মধ্যে ভারসাম্য বজায় রাখা এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ।

ওপেনএআই ও অ্যানথ্রপিকের সাম্প্রতিক উদ্যোগ থেকে বোঝা যায়, অধিক সক্ষম এআই মডেলের নিরাপত্তা নিশ্চিত করতে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো প্রশিক্ষণ পরিবেশের ওপর আরও কঠোর নিয়ন্ত্রণ আরোপের দিকে এগোচ্ছে। ভবিষ্যতে এসব পদ্ধতি কতটা কার্যকর হয়, তা নির্ভর করবে নিরাপত্তা পরীক্ষার ফলাফল এবং মডেলগুলোর বাস্তব সক্ষমতার ওপর।

0 Response to "ইন্টারনেট ছাড়াই এআই মডেল প্রশিক্ষণের পথে ওপেনএআই, নিরাপত্তায় নতুন উদ্যোগ"

একটি মন্তব্য পোস্ট করুন