সৌদিতে নিহত মুফতি নাসরুল্লাহর পরিবারের পাশে এনসিপি, ভিডিও কলে খোঁজ নিলেন নাহিদ ইসলাম

সৌদিতে নিহত মুফতি নাসরুল্লাহর পরিবারের পাশে এনসিপি, ভিডিও কলে খোঁজ নিলেন নাহিদ ইসলাম


 সৌদি আরবে নিহত বাংলাদেশি আলেম মুফতি নাসরুল্লাহ বদরের শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে তাঁদের খোঁজখবর নেন দলটির নেতারা। একই সময়ে ভিডিও কলে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং তাঁদের প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করেন।

নিহের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে তাঁদের বাসভবনে যান এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ও ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের (এনইউএ) আহ্বায়ক মাওলানা আশরাফ উদ্দিন মাহদি আযহারী। এ সময় উপস্থিত নেতারা পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং তাঁদের বর্তমান পরিস্থিতি সম্পর্কে খোঁজ নেন।

সাক্ষাৎকালে পরিবারের সদস্যরা জানান, মুফতি নাসরুল্লাহ বদরের মরদেহ সৌদি আরবেই দাফন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দাফন ও প্রয়োজনীয় প্রশাসনিক আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে তাঁর ভগ্নিপতি ইতোমধ্যে সৌদি আরবে পৌঁছেছেন।

এ সময় নিহতের তিন শিশুসন্তানের খোঁজখবর নেন মাওলানা আশরাফ উদ্দিন মাহদি আযহারী। মুফতি নাসরুল্লাহর সঙ্গে নিজের স্মৃতিচারণা করে তিনি বলেন, নাসরুল্লাহ লালবাগ মাদরাসায় পড়ার সময় তাঁর চার ব্যাচ সিনিয়র ছিলেন। দেখা হলে হাসিমুখে কথা বলতেন তিনি। লালবাগ শাহী মসজিদের বারান্দায় তাঁকে দীর্ঘ সময় কিতাব অধ্যয়ন করতে দেখেছেন বলেও জানান মাহদি আযহারী।

তিনি আরও স্মরণ করেন, কখনো কখনো ফজরের নামাজ আদায় করতে গিয়ে দেখতেন, নাসরুল্লাহ সারা রাত কিতাব নিয়ে বসে আছেন। ওমরায় গিয়ে চুল কাটবেন বলে তিনি বাবরি চুল রেখেছিলেন বলেও উল্লেখ করেন মাহদি আযহারী। তাঁর ভাষায়, আল্লাহ তাঁর ইহরামের কাপড়কেই কাফনের কাপড় বানিয়ে দিয়েছেন এবং জান্নাতুল বাকিতে কবরের ব্যবস্থা করে তাঁকে নিজের মেহমান হিসেবে গ্রহণ করেছেন।

মুফতি নাসরুল্লাহর অল্প বয়সী তিন সন্তানের পিতৃহারা হওয়ার ঘটনাকে অত্যন্ত মর্মান্তিক উল্লেখ করে মাহদি আযহারী বলেন, এই কঠিন সময়ে পরিবারের পাশে দাঁড়ানো এবং শিশুদের ভবিষ্যৎ সুরক্ষায় সহযোগিতা করা সবার মানবিক দায়িত্ব।

এদিকে ভিডিও কলে নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে নিহতের বড় ভাই মুফতি আহসানুল্লাহকে বলেন, আল্লাহ মুফতি নাসরুল্লাহকে কবুল করেছেন। পরিবারের দায়িত্ব নেওয়ায় তাঁদের জন্য মহান আল্লাহর কাছে উত্তম প্রতিদান রয়েছে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সাক্ষাৎ শেষে এনসিপির নেতারা মুফতি নাসরুল্লাহ বদরের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারকে এই অপূরণীয় ক্ষতি ও গভীর শোক সহ্য করার শক্তি দেওয়ার জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা জানান

0 Response to "সৌদিতে নিহত মুফতি নাসরুল্লাহর পরিবারের পাশে এনসিপি, ভিডিও কলে খোঁজ নিলেন নাহিদ ইসলাম"

একটি মন্তব্য পোস্ট করুন