যশোরে করিমন চুরির সন্দেহে গণপিটুনি, নিহত ১; খালে ঝাঁপ দিয়ে নিখোঁজ আরেকজন
যশোর সদর উপজেলায় করিমন চুরির সন্দেহে গণপিটুনিতে মিজানুর রহমান নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় মনিরুজ্জামান নামে আরও একজন আহত হয়েছেন। এ ছাড়া বিল্লাল হোসেন নামে এক ব্যক্তি খালে ঝাঁপ দেওয়ার পর থেকে নিখোঁজ রয়েছেন।
রোববার (১১ অক্টোবর) দিবাগত রাত ২টার দিকে উপজেলার চান্দুটিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ও আহত ব্যক্তিরা পাশের ঝিকরগাছা উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার গভীর রাতে মনিরুজ্জামান, মিজানুর রহমান ও বিল্লাল হোসেনের বিরুদ্ধে চান্দুটিয়া গ্রাম থেকে একটি ইঞ্জিনচালিত করিমন চুরির অভিযোগ ওঠে। এ সময় স্থানীয় লোকজন তাদের ধাওয়া করেন। একপর্যায়ে তারা চান্দুটিয়া সুইস খালের দিকে পালানোর চেষ্টা করেন। তখন মিজানুর রহমান ও বিল্লাল হোসেন খালে ঝাঁপ দেন।
পরে মনিরুজ্জামান ও মিজানুর রহমানকে ধরে মারধর করেন স্থানীয় লোকজন। এতে মিজানুর রহমান নিহত হন এবং মনিরুজ্জামান আহত হন। অন্যদিকে, খালে ঝাঁপ দেওয়ার পর থেকে বিল্লাল হোসেনের কোনো খোঁজ পাওয়া যায়নি। তাকে উদ্ধারে খালে তল্লাশি চালাচ্ছেন ফায়ার সার্ভিসের সদস্যরা।
খবর পেয়ে সাজিয়ালি পুলিশ ফাঁড়ির এএসআই শফিকুল ইসলাম ঘটনাস্থলে যান। তিনি জানান, ঘটনাস্থলে গিয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। এ ঘটনাকে কেন্দ্র করে নতুন করে কোনো অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি না হয়, সে জন্য পুলিশ নজরদারি করছে।
যশোর কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হোসেন বলেন, চুরির অভিযোগে গণপিটুনিতে একজনের মৃত্যু হয়েছে। আরেকজন খালে নিখোঁজ রয়েছেন। তাকে উদ্ধারে ফায়ার সার্ভিসের সদস্যরা তল্লাশি চালাচ্ছেন।
তিনি আরও জানান, নিখোঁজ ব্যক্তি খালে রয়েছেন, নাকি পালিয়ে গেছেন, তা তল্লাশি শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিত করে বলা যাচ্ছে না। আহত মনিরুজ্জামান যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
0 Response to "যশোরে করিমন চুরির সন্দেহে গণপিটুনি, নিহত ১; খালে ঝাঁপ দিয়ে নিখোঁজ আরেকজন"
একটি মন্তব্য পোস্ট করুন