এআই দিয়ে ডিজাইন ও ওয়েবসাইট তৈরিতে ফিগমার নতুন ফিচার, যুক্ত হচ্ছে কোড ও কনটেন্ট ব্যবস্থাপনা

এআই দিয়ে ডিজাইন ও ওয়েবসাইট তৈরিতে ফিগমার নতুন ফিচার, যুক্ত হচ্ছে কোড ও কনটেন্ট ব্যবস্থাপনা


 কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে ডিজাইন ও ওয়েবসাইট তৈরির কাজ আরও কার্যকর এবং নিয়ন্ত্রণযোগ্য করতে নতুন কয়েকটি সুবিধা চালু করেছে ডিজাইন প্ল্যাটফর্ম ফিগমা। এসব সুবিধার মাধ্যমে প্রতিষ্ঠানগুলো নিজেদের ব্র্যান্ডের নকশার নিয়ম নির্ধারণ, কোডের সাহায্যে ইন্টারঅ্যাকটিভ প্রোটোটাইপ তৈরি এবং এআই দিয়ে তৈরি ওয়েবসাইটের কনটেন্ট ব্যবস্থাপনা করতে পারবে।

মঙ্গলবার যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোয় শুরু হওয়া কনফিগ সম্মেলনের ভারতীয় সংস্করণে নতুন সুবিধাগুলোর ঘোষণা দেয় ফিগমা। প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম টেকক্রাঞ্চ গত বুধবার এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করে।

নতুন সুবিধাগুলোর মধ্যে রয়েছে ‘ফিগমা স্পেকস’। এর মাধ্যমে প্রতিষ্ঠানগুলো নিজেদের ব্র্যান্ডের নকশার ভাষা, নির্দেশনা ও নিয়ম মার্কডাউনভিত্তিক এডিটরে লিখে রাখতে পারবে। এসব নির্দেশনা শুধু ডিজাইনারদের জন্য নয়, এআই এজেন্টের জন্যও ব্যবহারযোগ্য হবে। ফলে এআই দিয়ে নকশা তৈরির সময় নির্ধারিত ব্র্যান্ড নির্দেশনা অনুসরণ করা সহজ হবে।

ফিগমা স্পেকস আলাদা ফাইল হিসেবে সংরক্ষণ করা যাবে। আবার সরাসরি ডিজাইনের ক্যানভাসেও এটি ব্যবহার করা যাবে। এতে নকশার বিভিন্ন উপাদান, কোডের অংশ এবং ফিগজ্যাম ডায়াগ্রাম যুক্ত করার সুযোগ রয়েছে। পাশাপাশি ডিজাইন লাইব্রেরি, কোড লাইব্রেরি ও নকশাসংক্রান্ত নির্দেশনা একই জায়গায় রাখা যাবে। এতে এআই এজেন্ট কাজ করার সময় প্রয়োজনীয় তথ্য ও নিয়ম সহজে কাজে লাগাতে পারবে।

এ ছাড়া ফিগমা ক্যানভাসে কোড যুক্ত করার সুবিধা পাবলিক বেটা সংস্করণে উন্মুক্ত করছে প্রতিষ্ঠানটি। এই সুবিধার মাধ্যমে ডিজাইনের ওপর সরাসরি কোড যোগ করে আরও ইন্টারঅ্যাকটিভ প্রোটোটাইপ তৈরি করা যাবে। ব্যবহারকারীরা এআই এজেন্টকে কোনো নকশা থেকে কোড তৈরি করতে কিংবা বিদ্যমান কোডের নির্দিষ্ট অংশ পরিবর্তন করতেও নির্দেশ দিতে পারবেন।

ফিগমার প্রধান ডিজাইন কর্মকর্তা লোরেদানা ক্রিসান বলেন, সফটওয়্যার দলগুলো কী তৈরি করবে এবং কোন পণ্য বাজারে ছাড়বে, তা নির্ধারণের গুরুত্বপূর্ণ জায়গা হিসেবে ফিগমাকে গড়ে তুলতে চায় প্রতিষ্ঠানটি। তাঁর মতে, এআইয়ের কারণে কোড তৈরির পরিমাণ বেড়েছে। কিন্তু সেই অনুপাতে বাজারে নতুন পণ্য বা ফিচার প্রকাশের সংখ্যা বাড়েনি।

এদিকে ফিগমার মডেল কনটেক্সট প্রটোকল (এমসিপি) সমর্থনে ২০টির বেশি নতুন টুল যুক্ত হচ্ছে। এসব টুলের মধ্যে রয়েছে ওপেন কোড, ডায়া, গ্রোক বট এবং ভারতের এআই স্টার্টআপ সারভামের টুল। এর ফলে ফিগমার সঙ্গে বিভিন্ন এআই টুলের সংযোগ ও কাজের সুযোগ আরও বাড়বে।

ওয়েবসাইটের কনটেন্ট ব্যবস্থাপনার ক্ষেত্রেও নতুন সুবিধা যুক্ত করছে ফিগমা। গত বছর ওপেন সোর্স কনটেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম পে-লোড অধিগ্রহণের পর এবার সেটিকে ফিগমা মেকের সঙ্গে যুক্ত করছে প্রতিষ্ঠানটি। এর ফলে এআই দিয়ে তৈরি ডায়নামিক ওয়েবসাইটের কনটেন্ট সরাসরি ব্যবস্থাপনা করা সম্ভব হবে।

যুক্তরাষ্ট্রের বাইরে ব্যবহারকারীর সংখ্যার হিসাবে ভারত ফিগমার সবচেয়ে বড় বাজার। প্রতিষ্ঠানটির দেওয়া তথ্য অনুযায়ী, ভারতের বোম্বে স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত শীর্ষ ১০০ কোম্পানির ৪০ শতাংশ ফিগমা ব্যবহার করে। নতুন সুবিধাগুলোর মাধ্যমে ডিজাইন, কোড তৈরি এবং ওয়েবসাইট পরিচালনার কাজকে একই কর্মপ্রবাহে আনার লক্ষ্য নিয়েছে প্রতিষ্ঠানটি।

0 Response to "এআই দিয়ে ডিজাইন ও ওয়েবসাইট তৈরিতে ফিগমার নতুন ফিচার, যুক্ত হচ্ছে কোড ও কনটেন্ট ব্যবস্থাপনা"

একটি মন্তব্য পোস্ট করুন