ঢামেকের জরুরি বিভাগে ভুয়া চিকিৎসক সন্দেহে যুবক আটক
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগ থেকে মো. রাকিব নামে এক যুবককে ভুয়া চিকিৎসক সন্দেহে আটক করেছেন দায়িত্বরত আনসার সদস্যরা। পরে তাঁকে হাসপাতালের পুলিশ ক্যাম্পে নেওয়া হয়। এ ঘটনায় শাহবাগ থানাকে অবহিত করা হয়েছে। আটক যুবককে থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ ক্যাম্প কর্তৃপক্ষ।
রোববার (১৮ অক্টোবর) দুপুর ২টার দিকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের ভেতর থেকে রাকিবকে আটক করা হয়।
হাসপাতালের দায়িত্বরত আনসার প্লাটুন কমান্ডার (পিসি) মো. শাহাদাত হোসেন জানান, জরুরি বিভাগে এক যুবকের চলাফেরা সন্দেহজনক মনে হলে দায়িত্বে থাকা আনসার সদস্যরা তাঁকে আটক করেন। পরে তাঁকে হাসপাতালের প্রশাসনিক ব্লকে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় রাকিব নিজেকে ভুয়া চিকিৎসক হিসেবে পরিচয় দেওয়ার কথা স্বীকার করেছেন বলে জানান তিনি। পরে কর্তৃপক্ষের নির্দেশে তাঁকে হাসপাতাল পুলিশ ক্যাম্পে হস্তান্তর করা হয়।
আটক রাকিব বরিশালের গৌরনদী থানার ফারুক হোসেনের ছেলে। বর্তমানে তিনি ঢাকার সাভারের নালিয়া এলাকায় বসবাস করেন।
কেন চিকিৎসক পরিচয় দিয়েছিলেন রাকিব?
রাকিবের দাবি, অসুস্থ ভাইকে হাসপাতালে ভর্তি করানোর জন্য তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এসেছিলেন। অনেক চেষ্টা করেও ভাইকে ভর্তি করাতে না পেরে এক ব্যক্তির পরামর্শে তিনি নিজেকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক হিসেবে পরিচয় দেন। এরপরই আনসার সদস্যরা তাঁকে আটক করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জরুরি বিভাগ থেকে আনসার সদস্যরা রাকিবকে আটক করে পুলিশ ক্যাম্পে নিয়ে আসেন। পরে বিষয়টি শাহবাগ থানাকে জানানো হয়। তাঁকে শাহবাগ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
0 Response to "ঢামেকের জরুরি বিভাগে ভুয়া চিকিৎসক সন্দেহে যুবক আটক"
একটি মন্তব্য পোস্ট করুন