ফরিদপুরে হাসপাতালের ১৫ ফ্যান চুরি, বিএনপি নেতার ছেলের ৬ মাসের কারাদণ্ড

ফরিদপুরে হাসপাতালের ১৫ ফ্যান চুরি, বিএনপি নেতার ছেলের ৬ মাসের কারাদণ্ড

 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ১৫টি সিলিং ফ্যানসহ লোহার পাইপ ও অ্যাঙ্গেল চুরির ঘটনায় মো. মান্না শেখ (২৭) নামের এক যুবককে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে। দণ্ডিত মান্না শেখ স্থানীয় বিএনপি নেতা মো. রিজাউল হক শেখের ছেলে।

সোমবার (১৯ অক্টোবর) দুপুরে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান এ তথ্য জানান। এর আগে রোববার বিকেলে মান্না শেখকে ফরিদপুরের ৩ নম্বর আমলি আদালতে হাজির করা হলে আদালত এ দণ্ডের আদেশ দেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়।

যেভাবে চুরির ঘটনা ঘটে

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, গত শুক্রবার ভোর ৪টার দিকে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাঁচতলা ভবনের নিচতলায় অবস্থিত একটি অব্যবহৃত কক্ষের তালা ভেঙে মালামাল চুরি করা হয়। চুরি যাওয়া মালামালের মধ্যে ছিল ১৫টি সিলিং ফ্যান, লোহার পাইপ ও অ্যাঙ্গেল।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ভবনের পেছনে থাকা অব্যবহৃত ক্যানটিন কক্ষ থেকে এসব মালামাল নেওয়া হয়। হাসপাতালটিতে কোনো নৈশপ্রহরী না থাকায় তাৎক্ষণিকভাবে চুরির বিষয়টি ধরা পড়েনি। পরদিন শনিবার সকালে বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসে।

সিসিটিভি ফুটেজে শনাক্ত, পরে গ্রেপ্তার

ঘটনার পর হাসপাতালের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে চুরির সঙ্গে জড়িত ব্যক্তিকে শনাক্তের চেষ্টা করে পুলিশ। এ ঘটনায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ নাজমুল হাসান বোয়ালমারী থানার ওসির কাছে লিখিত অভিযোগ দেন।

পুলিশ জানায়, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় মান্না শেখকে শনাক্ত করা হয়। চুরির ঘটনা প্রকাশ্যে আসার পর তিনি আত্মগোপনে চলে যান। পরে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের ভাষ্য অনুযায়ী, মান্না শেখের দেওয়া তথ্যের ভিত্তিতে বিভিন্ন স্থান থেকে চুরি যাওয়া মালামাল উদ্ধার করা হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হলে আদালত ছয় মাসের কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানার আদেশ দেন।

দণ্ডিতের পারিবারিক পরিচয়

মো. মান্না শেখ বোয়ালমারী পৌর বিএনপির সহ-কোষাধ্যক্ষ এবং প্রস্তাবিত উপজেলা কৃষকদলের সাংগঠনিক সম্পাদক মো. রিজাউল হক শেখের ছেলে। হাসপাতাল থেকে মালামাল চুরির ঘটনাটি স্থানীয়ভাবে আলোচনায় এসেছে।

0 Response to "ফরিদপুরে হাসপাতালের ১৫ ফ্যান চুরি, বিএনপি নেতার ছেলের ৬ মাসের কারাদণ্ড"

একটি মন্তব্য পোস্ট করুন