উখিয়ায় ৪ বছরের শিশুকে অপহরণের পর হত্যা, রোহিঙ্গা দম্পতি গ্রেপ্তার

উখিয়ায় ৪ বছরের শিশুকে অপহরণের পর হত্যা, রোহিঙ্গা দম্পতি গ্রেপ্তার

 

কক্সবাজারের উখিয়ার ১৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে চার বছরের শিশু মোহাম্মদ ওমাইরকে অপহরণের পর হত্যার ঘটনায় এক রোহিঙ্গা দম্পতিকে গ্রেপ্তার করেছে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। শনিবার (১০ অক্টোবর) রাতে গ্রেপ্তার ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে শিশুটির বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়।


রোববার (১১ অক্টোবর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছে এপিবিএন। নিহত ওমাইর ১৫ নম্বর ক্যাম্পের ডি/১ ব্লকের বাসিন্দা আবুল হামিদের ছেলে।


গ্রেপ্তার ব্যক্তিরা হলেন একই ক্যাম্পের ডি/১৩ ব্লকের বাসিন্দা আব্দুর রহমান ও তাঁর স্ত্রী আনসার বেগম।


পুলিশ সূত্রে জানা গেছে, গত ৮ অক্টোবর থেকে নিখোঁজ ছিল শিশু ওমাইর। পরিবারের পক্ষ থেকে বিষয়টি পুলিশকে জানানোর পর শিশুটিকে উদ্ধারে অনুসন্ধান শুরু করেন জামতলী পুলিশ ক্যাম্পের সদস্যরা।


পরদিন ৯ অক্টোবর শিশুটির বাবা আবুল হামিদ অভিযোগ করেন, আব্দুর রহমান তাঁর ছেলেকে অপহরণ করে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করেছেন। এ অভিযোগের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তা ও রোহিঙ্গা মাঝিদের সহযোগিতায় তদন্ত শুরু করে পুলিশ।


পরে শনিবার দুপুর ১টার দিকে আব্দুর রহমানকে হেফাজতে নেওয়া হয়। পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তিনি শিশুটিকে অপহরণ ও হত্যার কথা স্বীকার করেন বলে তদন্তসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এরপর তাঁর ও স্ত্রী আনসার বেগমের দেওয়া তথ্য অনুযায়ী শিশুটির মরদেহ উদ্ধারের অভিযান চালানো হয়।


পুলিশের তথ্য অনুযায়ী, শনিবার রাত সাড়ে ১০টার দিকে ক্যাম্প-১৫-এর ডি/১৩ ব্লকে আব্দুর রহমানের বসতঘরসংলগ্ন এলাকায় একটি ময়লার ট্যাংকির পাশে টিনের বেড়ার ভেতর থেকে বস্তাবন্দি মরদেহটি উদ্ধার করা হয়।


শিশুটিকে শ্বাসরোধে হত্যার পর মরদেহ বস্তাবন্দি করে লুকিয়ে রাখা হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। তবে হত্যার প্রকৃত কারণ ও ঘটনার বিস্তারিত জানতে তদন্ত চলছে।


জামতলী পুলিশ ক্যাম্প-১৫-এর পরিদর্শক তারেক মোহাম্মদ আবদুল হান্নান জানান, মরদেহ উদ্ধারের পর উখিয়া থানা-পুলিশ সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় আব্দুর রহমান ও আনসার বেগমকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।


৮ এপিবিএনের অধিনায়ক রিয়াজ উদ্দিন আহমদ ঢাকা পোস্টকে বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তা ও স্থানীয়দের সহযোগিতায় ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

0 Response to "উখিয়ায় ৪ বছরের শিশুকে অপহরণের পর হত্যা, রোহিঙ্গা দম্পতি গ্রেপ্তার"

একটি মন্তব্য পোস্ট করুন