ফিলিপাইনের কাছে ৩ গোলে হার, এএফসি অ-১৭ নারী টুর্নামেন্ট থেকে বিদায় বাংলাদেশের
এএফসি অ-১৭ নারী টুর্নামেন্টের বাছাইপর্ব পেরোতে পারল না বাংলাদেশ। রোববার উজবেকিস্তানে গুরুত্বপূর্ণ ম্যাচে ফিলিপাইনের কাছে ০-৩ গোলে হেরেছে বাংলাদেশের মেয়েরা। এই পরাজয়ে আগামী বছর চীনে অনুষ্ঠেয় মূল পর্বে খেলার স্বপ্ন শেষ হয়েছে তাদের।
মূল পর্বে জায়গা করে নিতে হলে ফিলিপাইনের বিপক্ষে জয়ের প্রয়োজন ছিল বাংলাদেশের। কারণ, এর আগে বাংলাদেশ ও ফিলিপাইন—দুই দলই স্বাগতিক উজবেকিস্তানকে হারিয়েছিল। ফলে উভয় দলের পয়েন্ট ছিল সমান তিন। তবে গোল ব্যবধানে এগিয়ে থাকায় সুবিধাজনক অবস্থানে ছিল ফিলিপাইন। ড্র করলেও গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরবর্তী পর্বে যাওয়ার সুযোগ ছিল তাদের। অন্যদিকে বাংলাদেশের সামনে সমীকরণ ছিল পরিষ্কার—জিততেই হতো।
ম্যাচের প্রথমার্ধে দুই দলই সমানতালে লড়াই করে। ফিলিপাইন কিছুটা এগিয়ে থাকলেও বিরতির আগে কোনো দলই গোলের দেখা পায়নি। গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধে ম্যাচের নিয়ন্ত্রণ ধীরে ধীরে নিজেদের দিকে নিয়ে নেয় ফিলিপাইন।
ম্যাচের ৭৩তম মিনিটে গোল করে বাংলাদেশকে চাপে ফেলে ফিলিপাইন। পিছিয়ে পড়ার পর সমতায় ফেরার চেষ্টা করলেও কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি বাংলাদেশের মেয়েরা।
নির্ধারিত সময়ের শেষ দিকে, ৮৯তম মিনিটে বাংলাদেশের রক্ষণভাগের দুর্বলতার সুযোগ নিয়ে ব্যবধান দ্বিগুণ করে ফিলিপাইন। এরপর যোগ করা সময়ে আরও একটি গোল হজম করে বাংলাদেশ। শেষ পর্যন্ত ৩-০ গোলের হার নিয়ে মাঠ ছাড়তে হয় টিটুর শিষ্যদের।
এই পরাজয়ের ফলে বাছাইপর্ব থেকেই বিদায় নিতে হলো বাংলাদেশকে। অন্যদিকে জয়ের সুবাদে মূল পর্বে যাওয়ার পথে এগিয়ে গেল ফিলিপাইন।
0 Response to "ফিলিপাইনের কাছে ৩ গোলে হার, এএফসি অ-১৭ নারী টুর্নামেন্ট থেকে বিদায় বাংলাদেশের"
একটি মন্তব্য পোস্ট করুন