দিলীপ আগরওয়ালার গ্রেপ্তার নিয়ে যা বলল বাজুস

দিলীপ আগরওয়ালার গ্রেপ্তার নিয়ে যা বলল বাজুস


 ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সাবেক সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালার গ্রেপ্তার নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে বাজুস। কোনো ব্যক্তির বিরুদ্ধে ওঠা অভিযোগের কারণে দেশের পুরো জুয়েলারি খাতকে নেতিবাচকভাবে উপস্থাপন করা সমীচীন নয় বলে মনে করছে সংগঠনটি। একই সঙ্গে অন্যায় ও অনিয়মের বিরুদ্ধে নিজেদের অবস্থান তুলে ধরে বাজুস জানিয়েছে, কোনো অসংগতি বা অনৈতিক কর্মকাণ্ডকে তারা সমর্থন করে না।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) বাজুসের প্রেসিডেন্ট এনামুল হক খানের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত সোমবার ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগরওয়ালাকে গ্রেপ্তারের বিষয়টি সংগঠনটির নজরে এসেছে। এ ঘটনাকে কেন্দ্র করে সংবাদ প্রকাশ ও প্রচারের ক্ষেত্রে দেশের সামগ্রিক জুয়েলারি খাতের ভাবমূর্তি রক্ষায় সংশ্লিষ্ট সবার দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছে বাজুস।

জুয়েলারি খাতের ভাবমূর্তি ও কর্মসংস্থান নিয়ে উদ্বেগ

বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের অর্থনীতি, রাজস্ব আহরণ ও কর্মসংস্থান সৃষ্টিতে জুয়েলারি খাত গুরুত্বপূর্ণ অবদান রাখছে। সংগঠনটির তথ্য অনুযায়ী, এ খাতের সঙ্গে প্রায় ৪০ হাজার ব্যবসায়ী এবং ২৮ লাখ মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সম্পৃক্ত। ফলে খাতটির স্বাভাবিক ব্যবসায়িক কার্যক্রম ব্যাহত হলে এর প্রভাব শুধু ব্যবসায়ীদের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং সংশ্লিষ্ট বিপুলসংখ্যক মানুষের জীবিকা ও কর্মসংস্থানেও পড়তে পারে।

বিজ্ঞপ্তিতে আশঙ্কা প্রকাশ করে বলা হয়, জুয়েলারি খাতের স্বাভাবিক ব্যবসায়িক কার্যক্রম বাধাগ্রস্ত হলে বৈধ ব্যবসা সংকুচিত হতে পারে এবং সরকারের রাজস্ব আয় ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি রয়েছে। একই সঙ্গে এ খাতে কর্মরত বহু মানুষ বেকারত্বের ঝুঁকিতে পড়তে পারেন।

বাজুস আরও বলেছে, দেশীয় বাজারের একটি অংশ বিদেশমুখী হয়ে পড়লে বৈধ পথে দেশের অর্থ বিদেশে চলে যাওয়ার আশঙ্কা তৈরি হতে পারে। তাই কোনো ঘটনা বা অভিযোগের প্রেক্ষাপটে সম্ভাবনাময় এ খাতের অগ্রযাত্রা যেন বাধাগ্রস্ত না হয়, সে বিষয়ে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছে সংগঠনটি।

কর্মকর্তা-কর্মচারীদের জীবিকা রক্ষার আহ্বান

ডায়মন্ড ওয়ার্ল্ড একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান উল্লেখ করে বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিষ্ঠানটির সঙ্গে বহু মানুষের কর্মসংস্থান জড়িত। কোনো ব্যক্তির বিরুদ্ধে ওঠা অভিযোগের কারণে প্রতিষ্ঠানটির নিরপরাধ কর্মকর্তা-কর্মচারী ও তাঁদের পরিবারের জীবিকা যেন অযথা ক্ষতিগ্রস্ত না হয়, সে বিষয়েও যথাযথ গুরুত্ব দেওয়া প্রয়োজন।

সংগঠনটি জানায়, তারা অন্যায় ও অনিয়মের বিরুদ্ধে অবস্থান নেয় এবং কোনো ধরনের অসংগতি বা অনৈতিক কর্মকাণ্ডকে সমর্থন করে না। তবে কোনো ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ ওঠার বিষয়টি বিবেচনায় নিয়ে পুরো জুয়েলারি খাতকে একইভাবে মূল্যায়ন করা উচিত নয় বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞপ্তির শেষাংশে বাজুস আইনের শাসন, ন্যায়বিচার, দায়িত্বশীল সংবাদ পরিবেশন এবং সংশ্লিষ্ট সবার সহযোগিতার ওপর গুরুত্ব দেয়। এসবের মাধ্যমে দেশের জুয়েলারি খাতের ইতিবাচক অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলে আশাবাদ জানিয়েছে সংগঠনটি।

0 Response to "দিলীপ আগরওয়ালার গ্রেপ্তার নিয়ে যা বলল বাজুস"

একটি মন্তব্য পোস্ট করুন