এআই দিয়ে ব্যক্তিগত পছন্দের পডকাস্ট তৈরি করবে অ্যাপল, হাক্সের প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ
ব্যবহারকারীর ব্যক্তিগত পছন্দ ও আগ্রহ অনুযায়ী কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে পডকাস্ট তৈরির প্রযুক্তি নিজেদের সেবায় যুক্ত করার উদ্যোগ নিয়েছে অ্যাপল। এ লক্ষ্যে এআইভিত্তিক অডিও স্টার্টআপ হাক্সের (Huxe) প্রযুক্তি ব্যবহারের লাইসেন্স নেওয়ার পাশাপাশি প্রতিষ্ঠানটির কয়েকজন কর্মীকে নিয়োগের প্রস্তাব দিয়েছে আইফোন নির্মাতা প্রতিষ্ঠানটি।
ইউরোপীয় কমিশনের কাছে জমা দেওয়া একটি নথিতে এ চুক্তির কথা জানিয়েছে অ্যাপল। প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম টেকক্রাঞ্চের প্রতিবেদনে বলা হয়েছে, চুক্তির আওতায় হাক্সের কিছু কর্মী ও প্রযুক্তি ব্যবহারের সুযোগ পাবে অ্যাপল। তবে পুরো প্রতিষ্ঠানটি অধিগ্রহণ করছে না তারা।
প্রযুক্তি খাতে এ ধরনের উদ্যোগকে ‘রিভার্স অ্যাকুই-হায়ার’ বলা হয়। এ পদ্ধতিতে কোনো প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ কর্মীদের নিয়োগের পাশাপাশি তাদের তৈরি প্রযুক্তি ব্যবহারের অধিকারও নেওয়া হয়।
হাক্সের প্রযুক্তিতে আগ্রহ কেন অ্যাপলের
হাক্স প্রতিষ্ঠা করেছিলেন এমন কয়েকজন ডেভেলপার, যারা এর আগে গুগলের নোটবুকএলএম প্রকল্পে এআই ব্যবহার করে অডিও আলোচনা তৈরির সুবিধা উন্নয়নে কাজ করেছেন। নোটবুকএলএমের এ সুবিধার মাধ্যমে ব্যবহারকারীর দেওয়া তথ্য ও নথির ভিত্তিতে কথোপকথনের আদলে অডিও তৈরি করা যায়। ফলে দীর্ঘ নথি পড়ার পরিবর্তে অডিও শুনেই বিভিন্ন বিষয় সম্পর্কে ধারণা পাওয়া সম্ভব।
চলতি বছরের ২১ মে হাক্স তাদের সেবা বন্ধের ঘোষণা দেয়। প্রতিষ্ঠানটি জানায়, অ্যাপল ও গুগলের অ্যাপ স্টোর থেকে তাদের অ্যাপ সরিয়ে নেওয়া হবে। পাশাপাশি সেবা বন্ধ করে ব্যবহারকারীদের তথ্য মুছে ফেলা হবে। সে সময় হাক্স জানায়, তাদের দল নতুন কাজে যুক্ত হচ্ছে এবং হাক্স পণ্যের উন্নয়ন আর চালিয়ে নেওয়া হবে না।
এরপর ৯ জুন ইউরোপীয় কমিশনকে চুক্তির বিষয়ে জানায় অ্যাপল। তবে হাক্সের কতজন কর্মীকে নিয়োগের প্রস্তাব দেওয়া হয়েছে কিংবা তাঁরা সেই প্রস্তাব গ্রহণ করেছেন কি না, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। একইভাবে হাক্সের প্রযুক্তি ব্যবহার করে নতুন কোনো সুবিধা চালুর পরিকল্পনাও নিশ্চিত করেনি অ্যাপল।
অ্যাপলের পডকাস্টে আসতে পারে এআই সুবিধা
প্রযুক্তি খাতের বিশ্লেষকদের ধারণা, হাক্সের প্রযুক্তি কাজে লাগিয়ে অ্যাপল তাদের পডকাস্ট সেবায় এআইনির্ভর ব্যক্তিগত অডিও তৈরির সুবিধা যুক্ত করতে পারে। এমন ব্যবস্থা চালু হলে ব্যবহারকারীর আগ্রহ, পছন্দ ও প্রয়োজন অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে অডিও কনটেন্ট তৈরি করা সম্ভব হবে। তবে এ বিষয়ে অ্যাপল এখনো আনুষ্ঠানিক কোনো পরিকল্পনা প্রকাশ করেনি।
এদিকে এআই ব্যবহার করে অডিও কনটেন্ট তৈরির ক্ষেত্রে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর আগ্রহ বাড়ছে। এর আগে স্পটিফাইও এআইভিত্তিক পডকাস্ট তৈরির সুবিধা নিয়ে উদ্যোগের কথা জানিয়েছে। ফলে ব্যক্তিগত পছন্দ অনুযায়ী অডিও কনটেন্ট তৈরির বাজারে প্রতিযোগিতা আরও বাড়তে পারে।
তবে এআই দিয়ে তৈরি ব্যক্তিগত অডিও ভবিষ্যতে প্রচলিত পডকাস্টের বিকল্প হয়ে উঠবে কি না, তা এখনো স্পষ্ট নয়। অ্যাপল এ প্রযুক্তি কীভাবে তাদের সেবায় ব্যবহার করবে, সে বিষয়ে প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় রয়েছেন প্রযুক্তিপ্রেমীরা।
0 Response to "এআই দিয়ে ব্যক্তিগত পছন্দের পডকাস্ট তৈরি করবে অ্যাপল, হাক্সের প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ"
একটি মন্তব্য পোস্ট করুন