হোয়াইট হাউসে শি জিনপিংকে ট্রাম্পের উষ্ণ অভ্যর্থনা, সহযোগিতার বার্তা
বিভিন্ন অর্থনৈতিক ও ভূরাজনৈতিক ইস্যুতে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে মতপার্থক্য থাকলেও দ্বিপক্ষীয় সম্পর্ক স্থিতিশীল রাখার বার্তা দিয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে হোয়াইট হাউসে স্বাগত জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) শি জিনপিংয়ের রাষ্ট্রীয় সফরকে কেন্দ্র করে হোয়াইট হাউসে আয়োজন করা হয় আনুষ্ঠানিক অভ্যর্থনা অনুষ্ঠান। পরে দুই নেতা দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেন। সফরের অংশ হিসেবে সন্ধ্যায় শি জিনপিং ও তার স্ত্রী পেং লিয়ুয়ানের সম্মানে রাষ্ট্রীয় নৈশভোজেরও আয়োজন করা হয়।
বৈঠকের শুরুতে ট্রাম্প চীনা প্রেসিডেন্টের সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্কের কথা তুলে ধরেন। তিনি বলেন, ২০১৬ সালের নির্বাচনের সময় থেকে শি জিনপিংয়ের সঙ্গে তার একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছে, যা পারস্পরিক সম্মান ও দুই দেশের জনগণের স্বার্থের ওপর ভিত্তি করে তৈরি হয়েছে।
শি জিনপিংও যুক্তরাষ্ট্রে রাষ্ট্রীয় সফরে আসতে পেরে সন্তোষ প্রকাশ করেন। উষ্ণ আতিথেয়তার জন্য ট্রাম্প ও তার স্ত্রী মেলানিয়া ট্রাম্পকে ধন্যবাদ জানান তিনি। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০তম বার্ষিকী উপলক্ষে দেশটির জনগণকে শুভেচ্ছা জানান চীনা প্রেসিডেন্ট।
শি জিনপিং বলেন, চীন ও যুক্তরাষ্ট্র উভয়ই গুরুত্বপূর্ণ দুটি দেশ। দুই দেশের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা অব্যাহত রাখার ওপর গুরুত্ব দেন তিনি। একই সঙ্গে পারস্পরিক মতপার্থক্য নিয়ন্ত্রণের পাশাপাশি সহযোগিতার ক্ষেত্র বাড়ানোর প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন।
চীনা প্রেসিডেন্ট আরও বলেন, দুই দেশের সম্পর্ককে স্থিতিশীল রাখতে উভয় পক্ষের দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন। মানবজাতির উন্নয়ন ও অগ্রগতিতে চীন ও যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
বৈঠকে বাণিজ্য ও প্রযুক্তির পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা, বিরল খনিজ, তাইওয়ান এবং ইরানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু আলোচনায় থাকার কথা রয়েছে। সাম্প্রতিক সময়ে দুই দেশ বাণিজ্যিক উত্তেজনা কমিয়ে একটি অস্থায়ী সমঝোতা বজায় রাখার চেষ্টা করছে।
ইরান ইস্যুতেও দুই দেশের অবস্থানে পার্থক্য রয়েছে। যুক্তরাষ্ট্র চায় ইরানের ওপর চীনের প্রভাব কাজে লাগানো হোক, অন্যদিকে বেইজিং ইরানের সঙ্গে সম্পর্ক বজায় রাখছে। পাশাপাশি তাইওয়ান ও উন্নত প্রযুক্তি নিয়েও ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যে মতবিরোধ রয়েছে।
তবে এসব মতপার্থক্যের মধ্যেও দুই দেশের শীর্ষ নেতৃত্বের সরাসরি যোগাযোগ অব্যাহত রাখা এবং সম্পর্কের আরও অবনতি ঠেকানোর বিষয়টি এবারের সফরের অন্যতম গুরুত্বপূর্ণ দিক হিসেবে উঠে এসেছে।
0 Response to "হোয়াইট হাউসে শি জিনপিংকে ট্রাম্পের উষ্ণ অভ্যর্থনা, সহযোগিতার বার্তা"
একটি মন্তব্য পোস্ট করুন